1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট সাময়িক স্থগিত

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৭১ বার পঠিত

যুক্তরাষ্ট্রের সব দূতাবাস ও কনস্যুলেটে ভিসা আবেদনকারীদের নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট সাময়িকভাবে স্থগিত করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। দেশটির কঠোর অভিবাসন নীতির মধ্যে নতুন এ সিদ্ধান্তের কথা জানানো হলো।

মঙ্গলবার (২৫ আগস্ট) মার্কিন পররাষ্ট্র দফতরের এক মুখপাত্র জানান, বিশ্বের সব মার্কিন দূতাবাস ও কনস্যুলেটে একটি বৈশ্বিক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। এ প্রশিক্ষণের সঙ্গে সমন্বয় করতে ভিসা সাক্ষাৎকারের সময়সূচিতে পরিবর্তন আনা হচ্ছে।

তবে প্রশিক্ষণটি কতদিন চলবে কিংবা কবে থেকে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্বাভাবিক হবে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি মার্কিন পররাষ্ট্র দফতর।

দফতরের ভাষ্য, প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো কনস্যুলার কর্মকর্তাদের এমন আবেদনকারী শনাক্তে আরও দক্ষ করে তোলা, যারা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সরকারি বিভিন্ন সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি ভিসা আবেদনকারীদের আরও সামগ্রিক ও ধারাবাহিকভাবে যাচাই করাও এ প্রশিক্ষণের উদ্দেশ্য।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন মার্কিন দূতাবাস ও কনস্যুলেটে সাক্ষাৎকারের সময় নির্ধারিত থাকা অভিবাসী ভিসা আবেদনকারীদের ই-মেইলে অ্যাপয়েন্টমেন্ট পরিবর্তনের বিষয়টি জানানো হয়েছে। পরে তাদের নতুন তারিখ জানানো হবে বলেও জানানো হয়েছে।

ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে ব্যাপক কঠোরতা দেখা গেছে। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে বহিষ্কার অভিযান চালানোর পাশাপাশি ভিসা ও গ্রিন কার্ড বাতিলের ঘটনাও ঘটছে। রাজনৈতিক মতাদর্শ এবং ফিলিস্তিনপন্থি বিক্ষোভে অংশগ্রহণের মতো কারণেও কিছু ভিসা আবেদন বাতিল করা হয়েছে।

প্রশাসনের দাবি, এসব পদক্ষেপের লক্ষ্য যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করা। তবে মানবাধিকার সংগঠনগুলো এ নীতির সমালোচনা করে বলছে, এতে বৈষম্য, মতপ্রকাশের স্বাধীনতা এবং যথাযথ আইনি প্রক্রিয়ার অধিকার ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতিতে একাধিক আইনি বাধাও এসেছে। গত শুক্রবার এক মার্কিন বিচারক ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের একটি নীতি বাতিল করেন। বিচারকের মতে, এমন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তার আইনগত ক্ষমতার সীমা অতিক্রম করেছেন।

২০২৪ সালের নির্বাচনী প্রচারে ট্রাম্প অবৈধ অভিবাসন বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন। ক্ষমতায় ফিরে তার প্রশাসন বৈধ অভিবাসনের পথও কঠিন করেছে। নির্দিষ্ট কিছু ওয়ার্ক ভিসা আবেদনকারীর ওপর নতুন ও ব্যয়বহুল ফি আরোপসহ বিভিন্ন বিধিনিষেধ চালু করা হয়েছে।

ফলে অবৈধ অভিবাসন ঠেকাতে কঠোর অভিযান এবং বৈধ অভিবাসন প্রক্রিয়ায় নতুন বিধিনিষেধ—দুই দিক থেকেই যুক্তরাষ্ট্রে প্রবেশের অপেক্ষায় থাকা বিদেশি নাগরিকদের ওপর চাপ বাড়ছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News