কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ১৭ বছর পর যে দায়িত্ব তিনি পেয়েছেন, সেই সময়ে বাংলাদেশ তার ইতিহাসের কঠিন একটি সময় পার করছে। বিগত সময়ে দেশের পুরো ব্যবস্থাই দুর্নীতিগ্রস্ত ও ভেঙে পড়েছে দাবি করে তিনি বলেন, দেশকে সঠিকভাবে এগিয়ে নিতে সবার সহযোগিতা প্রয়োজন।
শেখ হাসিনা প্রসঙ্গে প্রশ্নের জবাবে পার্থ বলেন, ভারত সরকার হয়তো রাজনৈতিকভাবে তার বিষয়ে দায় নিতে না চেয়ে বিষয়টি বিচার বিভাগের ওপর ছেড়ে দিচ্ছে। বাংলাদেশ সব পলাতক আসামিকে ফেরত চায় বলেও জানান তিনি।
ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার সব ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডকে উৎসাহিত করে এবং বিষয়টি পর্যালোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, গত ছয় মাসে গোয়েন্দা সংস্থার কোনো ব্যক্তি গণমাধ্যমে ফোন করে চাপ সৃষ্টি করেননি। এ সময়ে কোনো গুম বা সরকারের মদদে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনাও ঘটেনি। সাংবাদিকদের সরকারের ভালো কাজগুলো ইতিবাচকভাবে তুলে ধরার আহ্বান জানান তিনি।
গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে পার্থ বলেন, সরকারের সমালোচনা করার অধিকার সবার রয়েছে। তবে রাষ্ট্রের ক্ষতি হয় বা রাষ্ট্রবিরোধী বক্তব্য, সংবাদ কিংবা তথ্য প্রচার করা উচিত নয়। সরকার ও রাষ্ট্র এক বিষয় নয়—এই পার্থক্য সবার মনে রাখা প্রয়োজন।
এদিকে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, গ্যাস সরবরাহ এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। কার্গো সরবরাহে কিছুটা সমস্যা থাকলেও তা দ্রুত সমাধানের চেষ্টা চলছে। দীর্ঘদিনের পুঞ্জীভূত সংকটের কারণে জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগতে পারে।
তিনি বলেন, জ্বালানি খাতে ভালো অবস্থানে যেতে প্রায় দুই বছর সময় লাগতে পারে। তবে এ সময় পর্যন্ত পরিস্থিতি আগের চেয়ে খারাপ থাকবে না। সরকার সংকট সমাধানে সর্বোচ্চ চেষ্টা করছে বলেও জানান তিনি।
সাংস্কৃতিক কর্মকাণ্ড প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় বর্তমানে দেশের সাংস্কৃতিক পরিস্থিতি অনেকটাই উন্নত হয়েছে।
Leave a Reply