জাতীয় নির্বাচনের চেয়েও ভালোভাবে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে স্থানীয় নির্বাচনের দিনক্ষণ এখনই জানানো সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে জাতীয় নির্বাচনের কার্যক্রম মূল্যায়ন ও স্থানীয় সরকার নির্বাচনে ইসির কর্মপদ্ধতি নির্ধারণবিষয়ক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
সিইসি জানান, স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতার ঝুঁকি তুলনামূলক বেশি। তাই আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্টদের সমন্বয়ে নির্বাচনকে ঘিরে বিস্তারিত পরিকল্পনা করা হচ্ছে। এ ছাড়া স্থানীয় সরকার নির্বাচনসংক্রান্ত আইন ও বিধিবিধান মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে।
জাতীয় নির্বাচন আয়োজনের সময় ইসিকে বিভিন্ন পর্যায়ে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে উল্লেখ করে সিইসি বলেন, অতীতে কমিশনের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ থাকলেও এবার সংসদ নির্বাচন একটি নির্দিষ্ট মানদণ্ডে সম্পন্ন করা হয়েছে।
তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনে যেসব ঘাটতি ছিল, সেগুলো চিহ্নিত করে স্থানীয় সরকার নির্বাচন আরও ভালোভাবে আয়োজন করতে কাজ করছে কমিশন।
এদিকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নির্ধারিত সময়ের মধ্যেই অনুষ্ঠিত হবে বলেও জানান সিইসি। এ বিষয়ে কমিশনের কার্যক্রম চলমান রয়েছে।
Leave a Reply