চট্টগ্রামসহ দেশের চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কার কথা জানিয়েছে সংস্থাটি।
সোমবার (১৭ আগস্ট) সকালে দেওয়া ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় বলা হয়, দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও পশ্চিমবঙ্গ উপকূল এবং তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপের প্রভাবে সকাল ৮টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিকে অতি ভারী বৃষ্টিপাত হিসেবে উল্লেখ করা হয়েছে। ভারী বৃষ্টির কারণে এসব বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ী জলাবদ্ধতাও সৃষ্টি হতে পারে।
এদিকে, টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। সোমবার মধ্যরাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে আগ্রাবাদ, মুরাদপুর, ষোলশহর ও বাকলিয়াসহ বেশ কিছু নিচু এলাকা পানিতে তলিয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী।
Leave a Reply