
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফরের আগে ভারতকে চারটি শর্ত দিয়েছে বাংলাদেশ। এর মধ্যে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানো এবং শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের অভিযুক্তদের প্রত্যর্পণের বিষয়টি রয়েছে।
রোববার (১৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে মুখপাত্র এ কে এম শহীদুল করিম জানান, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে কয়েক সপ্তাহ ধরে যোগাযোগ চলছিল। তবে গত ৫ আগস্ট নয়াদিল্লিতে শেখ হাসিনার প্রকাশ্য মিডিয়া ইন্টারঅ্যাকশনের পর সফর আয়োজনের প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে।
তিনি বলেন, সফরের জন্য উপযুক্ত পরিবেশ তৈরিতে শেখ হাসিনা ও অন্যান্য পলাতক দণ্ডিত আসামিদের প্রত্যর্পণের বিষয়ে ভারতকে দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়েছে। একই সঙ্গে দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির আওতায় শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের অভিযুক্তদেরও বাংলাদেশের কাছে হস্তান্তরের আহ্বান জানানো হয়েছে।
বাংলাদেশ এখন এ বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে। পাশাপাশি সার্বভৌম সমতা, জাতীয় মর্যাদা, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণের কথা জানিয়েছে সরকার।
Leave a Reply