
ইয়েমেনে সশস্ত্র গোষ্ঠী হুথিদের লক্ষ্যবস্তুতে ২০২৫ সালে চালানো মার্কিন সামরিক হামলায় অন্তত ১৫৩ জন বেসামরিক নাগরিক নিহত এবং আরও ২৪৩ জন আহত হয়েছেন। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের বার্ষিক সিভিলিয়ান ক্যাজুয়ালটি রিপোর্টের ওপর ভিত্তি করে এক মার্কিন কর্মকর্তা সম্প্রতি এই তথ্য নিশ্চিত করেছেন।
মার্কিন কংগ্রেসে পাঠানো পেন্টাগনের পর্যালোচনা নথি অনুযায়ী, ২০২৫ সালে সামরিক বাহিনীর নথিতে নিবন্ধিত সব বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছিল মূলত এপ্রিল মাসে ইয়েমেনে পরিচালিত তিনটি পৃথক হামলার মাধ্যমে। এর আগে ২০২৪ সালের অভিযানে পেন্টাগন যেখানে মাত্র ২ জন নিহত ও ২ জন আহতের কথা জানিয়েছিল, তার তুলনায় ২০২৫ সালে বেসামরিক হতাহতের সংখ্যা বহুগুণ বেড়েছে।
হুথি নিয়ন্ত্রিত রাজধানী সানা, সংলগ্ন এলাকা এবং লোহিত সাগরের কৌশলগত ‘রাস ইসা’ জ্বালানি বন্দরকে কেন্দ্র করে পরিচালিত ওই তিনটি হামলার মধ্যে রাস ইসা বন্দরের আক্রমণটি ছিল সবচেয়ে বেশি প্রাণঘাতী। কেবল এই একটি হামলাতেই ৮০ জন বেসামরিক মানুষ প্রাণ হারান এবং ১৭১ জন গুরুতর আহত হন। পরবর্তীতে ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, হুথি বিদ্রোহীদের অর্থায়ন ও জ্বালানি সরবরাহের প্রধান পথটি অকার্যকর করতেই সেখানে আঘাত হানা হয়েছিল।
Leave a Reply