পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা সীমান্তে তমিজউদ্দীন (৭৮) নামে এক বৃদ্ধকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে যাওয়ার পরদিন বাংলাদেশি সীমানায় প্রবেশ করায় দীপংকর গোপ (৩০) নামের এক ভারতীয় নাগরিককে আটক করে বিজিবি ও পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা।
শনিবার (৮ আগস্ট) কাটাতারের বেড়া পার হয়ে বাংলাদেশ অংশে ঢুকে আখ খেত থেকে আখ ভাঙার সময় স্থানীয় লোকজন দীপংকর গোপকে আটক করে পুলিশ ও বিজিবি সদস্যদের হাতে তুলে দেন। আটক দীপংকর ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার চাউলিয়াপট্রি এলাকার মিশ্রি গোপের ছেলে।
সীমান্তবাসী সূত্রে জানা যায়, এর আগে বুধবার বৈরাজাত এলাকার বাসিন্দা শ্রবণপ্রতিবন্ধী তমিজউদ্দীন নামের ওই বৃদ্ধ গরু খুঁজতে সীমান্তের শূন্য রেখার কাছাকাছি গেলে বিএসএফ সদস্যরা তাঁকে ধরে নিয়ে যায়। তমিজউদ্দীনের পরিবার জানায়, তিনি বয়সের কারণে কানে কম শুনতেন এবং কেবল নিজের হারিয়ে যাওয়া গরুটি খুঁজতেই সীমান্তে গিয়েছিলেন।
বিএসএফ কর্তৃক প্রবীণ তমিজউদ্দীনকে ধরে নিয়ে যাওয়ার খবর সীমান্তজুড়ে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়। এর জেরেই শনিবার সকালে ভারতীয় নাগরিক দীপংকরকে বাংলাদেশি সীমানায় পেয়ে আটক করেন এলাকাবাসী।
এই ঘটনার প্রেক্ষিতে উভয় সীমান্তে বর্তমানে উত্তেজনা বিরাজ করছে। আটকে পড়া তমিজউদ্দীনকে ফেরত আনা এবং আটক ভারতীয় নাগরিক দীপংকর গোপের বিষয় নিয়ে রোববার বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
Leave a Reply