
সংবিধান সংশোধনের লক্ষ্যে জাতীয় সংসদের গঠিত বিশেষ কমিটির প্রথম আনুষ্ঠানিক বৈঠক জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে মঙ্গলবারের (৪ আগস্ট) এই বৈঠকে সংশোধন প্রক্রিয়ার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও পদ্ধতি নির্ধারণ নিয়ে আলোচনা হয়।
খোলা আলোচনা ও পরিধি: স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংবিধানে প্রয়োজনীয় সংস্কার আনার উদ্দেশ্যে এর প্রস্তাবনা (Preamble) থেকে শুরু করে সকল তফসিল পর্যন্ত প্রতিটি অনুচ্ছেদ ও বিষয় বিস্তারিত পর্যালোচনার আওতায় আনা হবে।
জুলাই সনদের বাস্তবায়ন: গণঅভ্যুত্থানের পর জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলনে সরকার ‘জুলাই সনদ’ অক্ষরে অক্ষরে ও শতভাগ বাস্তবায়ন করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে পুনর্ব্যক্ত করা হয়।
বিরোধী দলের প্রতি আহ্বান: সংসদ থেকে ওয়াকআউট ও বর্জন করলেও বিরোধী দল যাতে সংবিধানে তাদের প্রস্তাব দিতে পারে, সে পথ খোলা রাখা হয়েছে। সভাপতি সালাহউদ্দিন আহমেদ স্পষ্ট করেন যে, বিরোধী দল যেকোনো সময় চাইলে লিখিত বা মৌখিকভাবে তাদের মতামত ও পরামর্শ প্রদান করতে পারবে।
উল্লেখ্য, গত ১৩ জুলাই জাতীয় সংসদে ১২ সদস্যের এই ‘সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি’ গঠিত হয়। বিরোধী দলের পাঁচজন সদস্যের অন্তর্ভুক্তির সুযোগ রেখে সদস্য সংখ্যা ১৭ করার বিধান রাখা হলেও বিরোধী দল নাম না দিয়ে সংস্কার পরিষদ গঠনের দাবীতে ওয়াকআউট ও কমিটি বয়কট করে। তবে সরকারি দল সংবিধানিক কাঠামোর ভেতরে থেকেই সকল পরিবর্তনের উদ্যোগ গ্রহণে কাজ চালিয়ে যাচ্ছে।
Leave a Reply