
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটার কাছে সোরাঞ্জ এলাকায় একটি বেসরকারি কয়লাখনিতে বিষাক্ত মিথেন গ্যাসের ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩২ জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) কোয়েটা থেকে ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত ৪ হাজার ফুট গভীর খনিটিতে এ অগ্নিকাণ্ড ও ধসের ঘটনা ঘটে, যার প্রভাব পড়ে পার্শ্ববর্তী আরেকটি খনিতেও।
বেলুচিস্তানের প্রধান খনি পরিদর্শক মোহাম্মদ আতিফ জানান, দুর্ঘটনার সময় দুটি খনিতে মোট ৩৪ জন শ্রমিক কর্মরত ছিলেন। ইতোমধ্যে ৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং প্রথম খনিতে আটকে পড়া বাকি দুই শ্রমিককে উদ্ধারে শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। খনির ভেতর অতিরিক্ত বিষাক্ত মিথেন গ্যাস জমা হওয়া ও আগুন ছড়িয়ে পড়ায় উদ্ধার কাজ পরিচালনায় প্রচণ্ড বেগ পেতে হয়। এ ঘটনায় শোক প্রকাশ করে বেলুচিস্তানের খনি ও খনিজসম্পদবিষয়ক প্রাদেশিক মন্ত্রী মির শোয়েব নওশেরওয়ানি নিহতদের পরিবারকে ৫ লাখ পাকিস্তানি রুপি এবং আহতদের ৩ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন, পাশাপাশি দুর্ঘটনার নেপথ্য কারণ অনুসন্ধ্যানে তদন্তের নির্দেশ দিয়েছেন।
Leave a Reply