
মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে এবং দুই দেশের ঐকমত্যের ভিত্তিতে সব খাতের বাংলাদেশি শ্রমিকদের জন্য সেখানে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। বৃহস্পতিবার (স্থানীয় সময়) বেলা ৩টায় কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই সুখবর দেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগস্টের শেষ সপ্তাহ থেকেই মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের যাওয়া শুরু হবে। যৌথ এই প্রক্রিয়ায় অভিবাসন ব্যয় কমিয়ে আনা, স্বচ্ছতা বৃদ্ধি এবং প্রথম ধাপে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ‘বোয়েসেল’-কে অগ্রাধিকার দিয়ে কর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্নীতি ও ফ্যাসিবাদের সঙ্গে জড়িত কোনো রিক্রুটিং এজেন্সিকে নতুন তালিকায় যুক্ত না করার ব্যাপারে স্পষ্ট অবস্থান ব্যক্ত করা হয়েছে। কারিগরি প্রক্রিয়াগুলো ঢাকা ও কুয়ালালামপুরে অবস্থিত উভয় দেশের হাইকমিশন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মাধ্যমে দ্রুত সম্পন্ন করা হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী। দীর্ঘদিনের জট কাটিয়ে কার্যকর কূটনৈতিক প্রচেষ্টায় শ্রমবাজার উন্মুক্ত করায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও মানবসম্পদ মন্ত্রী দাতুক সেরি আর রামানানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। একই সঙ্গে উভয় দেশের কৌশলগত সম্পর্ক জোরদারের অংশ হিসেবে বাংলাদেশের গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ান রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ‘পেট্রোনাস’-এর মাধ্যমে দ্রুত গ্যাস সরবরাহের বিষয়টি নিয়েও দুদেশের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে বলে নিশ্চিত করা হয়।
Leave a Reply