
আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :
কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে ২৪ হাজার পিস ইয়াবা ও একটি সিএনজি অটোরিকশাসহ এক পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
র্যাব-১৫ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৮টা ১০ মিনিটে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া মেরিন ড্রাইভ সড়কের ইসমাইল স্টোরের সামনে বিশেষ চেকপোস্ট বসিয়ে একটি সন্দেহভাজন সিএনজি অটোরিকশায় তল্লাশি চালানো হয়। এ সময় চালকের শরীরের পেট ও দুই পায়ে স্কচটেপ দিয়ে বিশেষ কায়দায় বাঁধা ছয়টি প্যাকেট থেকে ২৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুল হোসেন (৫৩) টেকনাফ সদর ইউনিয়নের গুদারবিল এলাকার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে মিয়ানমার সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা বিক্রি করে আসার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব।
গ্রেফতারকৃত আসামিকে উদ্ধারকৃত ইয়াবা ও সিএনজি অটোরিকশাসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply