
আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :
নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) বিকেলে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর মিন্টু রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে সাংগঠনিক তদন্তে গাজী নজরুল ইসলামের নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে বিষয়টি নির্বাচন কমিশনকে অবহিত করারও সিদ্ধান্ত হয়েছে।
প্রসঙ্গত, গত সোমবার রাত থেকে গাজী নজরুল ইসলামের একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এর পরদিন জামায়াত বিষয়টি তদন্তের ঘোষণা দেয়। তদন্ত শেষে একদিনের মাথায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
আইনজীবীদের মতে, সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী দল থেকে বহিষ্কার হওয়ায় স্বয়ংক্রিয়ভাবে সংসদ সদস্য পদ বাতিল হয় না। তবে ভবিষ্যতে সাংবিধানিক বা আইনগত অযোগ্যতা সৃষ্টি হলে সংবিধান অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়ায় বিষয়টি নিষ্পত্তি হবে।
Leave a Reply