
যুক্তরাজ্যের লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় ভারপ্রাপ্ত হাইকমিশনার ড. এম. নজরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন, পবিত্র কোরআন তেলাওয়াত এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়।
প্রধান অতিথি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে গৌরবোজ্জ্বল অধ্যায়। তাদের আদর্শ ধারণ করে আইনের শাসন, ন্যায়বিচার, গণতন্ত্র ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় বিএনপি, জামায়াতে ইসলামী, ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) ও জমিয়তে উলামায়ে ইসলামের যুক্তরাজ্য শাখার প্রতিনিধিরা বক্তব্য দেন। তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত হাইকমিশনার ড. এম. নজরুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে স্বাধীনতা, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার সংগ্রামে অনন্য মাইলফলক হয়ে থাকবে। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply