1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে অপহরণ করে চাঁদাবাজি: র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ৪

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৮৮ বার পঠিত

মোসাদ্দেক বিল্লাহ আবির:
‎
‎ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে এক ব্যক্তিকে অপহরণ করে অস্ত্রের মুখে জিম্মি রেখে চাঁদা আদায়, মারধর এবং চেতনানাশক ওষুধ খাইয়ে অচেতন করার ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, পিস্তলসদৃশ একটি বস্তু, বিপুলসংখ্যক জাতীয় পরিচয়পত্র, মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
‎
‎মঙ্গলবার (১৪ জুলাই) র‌্যাব-১০ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
‎
‎র‌্যাব জানায়, দক্ষিণ কেরানীগঞ্জের চিনাকুটিয়া এলাকার বাসিন্দা মোঃ জসিম উদ্দিন গত ১১ জুলাই রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে বাড়ি ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে একটি সংঘবদ্ধ চক্রের সদস্যদের কবলে পড়েন। অভিযুক্তরা কৌশলে তাকে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা পশ্চিমপাড়া এলাকার একটি টিনশেড ঘরে নিয়ে যায়।
‎
‎সেখানে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে তার কাছে থাকা নগদ ৪৫ হাজার টাকা এবং ব্যবহৃত দুটি মোবাইল ফোন জোরপূর্বক ছিনিয়ে নেয়।
‎
‎এরপরও ক্ষান্ত না হয়ে অভিযুক্তরা তাকে চেতনানাশক ওষুধ খাইয়ে অচেতন করে রাখে। পরে তার জ্ঞান ফিরলে আবারও চাঁদার টাকা দাবি করা হয়। তখন প্রাণভয়ে তিনি বিকাশের মাধ্যমে আরও ৫ হাজার টাকা পরিশোধ করেন। ঘটনার পর ভুক্তভোগী মোঃ জসিম উদ্দিন দক্ষিণ কেরানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করলে এ ঘটনায় অপহরণ, চাঁদাবাজি, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে একটি মামলা রুজু হয়।
‎
‎মামলার পর র‌্যাব-১০ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৫টা ১৫ মিনিটে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা পশ্চিমপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
‎
‎অভিযানে মামলার সঙ্গে জড়িত মোঃ সিয়াম (২৩), মোঃ রবিউল হাসান (২৬), মোঃ সোহাগ (৩০) এবং মোঃ রাসেল ওরফে নাছির (২৬)-কে গ্রেপ্তার করা হয়।
‎
‎র‌্যাব জানায়, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র, একটি পিস্তলসদৃশ বস্তু, বিভিন্ন ব্যক্তির নামে ইস্যুকৃত ১২৭টি জাতীয় পরিচয়পত্র, সাতটি মোবাইল ফোন, একটি ওজন পরিমাপক যন্ত্র, একটি হুক্কা, একটি ব্যাংকের চেক বই এবং কিছু নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
‎
‎গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব জানিয়েছে, অপহরণ, চাঁদাবাজি, ডাকাতি, মাদক ও অন্যান্য অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র‌্যাব সর্বদা তৎপর রয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News