
টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সাঙ্গু, মাতামুহুরী ও বাঁকখালী নদীর পানি এখনও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত রয়েছে। পাহাড়ধসে একাধিক সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় তিন পার্বত্য জেলার সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের সড়ক যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
শুক্রবার (১০ জুলাই) সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বান্দরবানের অধিকাংশ নিম্নাঞ্চল এখনও পানির নিচে রয়েছে। সাঙ্গু, মাতামুহুরী ও বাঁকখালী নদীর পানি বিপৎসীমার ওপরে থাকায় চট্টগ্রামের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। পানিবন্দি লক্ষাধিক মানুষ খাদ্যসংকটে ভুগছেন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দিনমজুর, কৃষক ও জুমচাষিরা।
প্রশাসনের পাশাপাশি দুর্গম এলাকায় সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ত্রাণ সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে। বিভিন্ন আশ্রয়কেন্দ্রেও ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে জরুরি খাদ্য ও প্রয়োজনীয় সহায়তা বিতরণ করা হচ্ছে।
অন্যদিকে, রাঙ্গামাটির বাঘাইছড়ি এলাকায় পাহাড়ধসে প্রায় তিন কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় খাগড়াছড়ির দীঘিনালা হয়ে ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এছাড়া রাঙ্গামাটি-খাগড়াছড়ি, মহালছড়ি, লংগদু, বাঘাইছড়ি এবং রাঙ্গামাটি-রাজস্থলী-বান্দরবান সড়কেও যান চলাচল বন্ধ রয়েছে।
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের বিভিন্ন এলাকা, হাটবাজার ও সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
এদিকে, সেনাবাহিনী জানিয়েছে, সাজেকে আটকে পড়া পাঁচ শতাধিক পর্যটককে নিরাপদে উদ্ধার করে ফিরিয়ে আনা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পার্বত্য অঞ্চলের পর্যটনকেন্দ্রগুলোতে ভ্রমণ থেকে বিরত থাকার জন্য প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
Leave a Reply