
টানা ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতির অবনতির কারণে আগামীকাল শনিবার (১১ জুলাই) অনুষ্ঠিতব্য চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. পারভেজ সাজ্জাদ চৌধুরীর স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
নির্দেশনায় বলা হয়, বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান জেলার শনিবারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (বিষয় কোড: ২৭৫) পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বোর্ড জানিয়েছে, স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
এদিকে, বন্যার কারণে অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মাইকিংয়ের মাধ্যমে পরীক্ষার্থী ও অভিভাবকদের বিষয়টি জানিয়ে দেওয়ার বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত বুধবার (৮ জুলাই) একই কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ওই দিনের এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছিল। সেই পরীক্ষার নতুন তারিখ এখনও ঘোষণা করা হয়নি।
Leave a Reply