
আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :
সাতক্ষীরা সদর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৪৩৬ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়।
র্যাব-৬ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ১২টা ৫০ মিনিটে সাতক্ষীরা সদর থানাধীন ভোমরা ইউনিয়নের হাড়দ্দাহ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৪৩৬ বোতল ফেন্সিডিলসহ মো. ইমাদুল গাজী (৫০)-কে গ্রেফতার করা হয়। তিনি হাড়দ্দাহ এলাকার বাসিন্দা।
অভিযানকালে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করে উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৬-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ জানান, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে র্যাবের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Leave a Reply