
আগামী অক্টোবরকে সামনে রেখে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, সরকারের সঙ্গে আলোচনা শেষে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
সোমবার (৬ জুলাই) বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজন নির্বাচন কমিশনের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এ ক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন। তিনি জানান, বর্তমানে সিটি করপোরেশনগুলোতে প্রশাসকের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হচ্ছে। তাই ইউনিয়ন পরিষদ (ইউপি) ও পৌরসভা নির্বাচন দিয়েই স্থানীয় সরকার নির্বাচনের কার্যক্রম শুরু হতে পারে।
অনুষ্ঠানে নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে আয়োজনের জন্য নির্বাচন কমিশন কাজ করছে। এ লক্ষ্যে নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত করা এবং সীমানা নির্ধারণের বিষয়ে সরকারের কাছে শিগগিরই চিঠি পাঠানো হবে।
Leave a Reply