
সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দেশে ধর্ষণ, হত্যা ও অন্যান্য অপরাধ বেড়ে গেছে। সামগ্রিক পরিস্থিতিতে সরকারের কর্মকাণ্ডে জনগণ হতাশ।
শুক্রবার (২৬ জুন) সকালে রাজধানীর আল ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার অধিবেশনে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মন্ত্রণালয় বাদে সব মন্ত্রণালয়ের খোঁজ রাখেন, অথচ তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিনিয়ত অবনতি হচ্ছে। তিনি অভিযোগ করেন, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না এবং প্রতিনিয়ত উদ্বেগজনক ঘটনা ঘটছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ ১৯৪৭ ও ১৯৭১ সালে বিপুল প্রত্যাশা নিয়ে স্বাধীনতা অর্জন করেছিল। কিন্তু দেশ পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিরা জনগণের সেই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছেন।
গণভোট ও সংস্কার প্রসঙ্গে জামায়াত আমির বলেন, জনগণ পরিবর্তনের আশায় গণভোটে অংশ নিয়েছিল। একটি ভোটের মূল্যায়ন হলেও আরেকটির প্রতিফলন ঘটেনি। অতীতের শাসনব্যবস্থাকে ফ্যাসিবাদী করে তুলেছিল যে ধারা, জনগণ এবার সেই ধারার পরিবর্তন চেয়েছিল।
তিনি বলেন, ফ্যাসিবাদ নতুন বা পুরোনো—যে কোনো ধরনের ফ্যাসিবাদের বিরুদ্ধেই জামায়াতে ইসলামী সোচ্চার থাকবে। একই সঙ্গে দেশের জনগণকেও সব ধরনের ফ্যাসিবাদ ও ফ্যাসিবাদের প্রবণতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সোচ্চার থাকার আহ্বান জানান তিনি।
Leave a Reply