
৪৩তম বিসিএস নন-ক্যাডার নিয়োগের পুরো প্রক্রিয়া স্বচ্ছ হয়নি উল্লেখ করে মেধার ভিত্তিতে পুনরায় ফলাফল প্রকাশের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (২৫ জুন) বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি উর্মি রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। রায়ে আগামী ৬০ দিনের মধ্যে পুনরায় ফলাফল প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে।
আদালত পর্যবেক্ষণে উল্লেখ করেন, প্রচলিত আইনের ব্যত্যয় ঘটিয়ে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছিল। ফলে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠায় পুনরায় মেধার ভিত্তিতে ফলাফল প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।
রিটকারী পক্ষের আইনজীবী জানান, আদালত তার রায়ে নিয়োগ প্রক্রিয়ায় আইনি ত্রুটির বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরেছেন।
উল্লেখ্য, ২০২৫ সালে ৪৩তম বিসিএস নন-ক্যাডার নিয়োগ প্রক্রিয়া চ্যালেঞ্জ করে ৪৬২ জন চাকরিপ্রত্যাশী হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন। এর আগে ২০২৪ সালে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৩তম বিসিএস নন-ক্যাডারে ৬৪২ জনকে নিয়োগ দেয়।
Leave a Reply