
দাপুটে পারফরম্যান্সে আলজেরিয়াকে হারিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছে আর্জেন্টিনা। দ্বিতীয় ম্যাচে আলবিসেলেস্তেদের সামনে এখন অস্ট্রিয়া। আজ সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রের ডালাসে মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচে জয় পেলেই রাউন্ড অব ৩২ নিশ্চিত করবে আর্জেন্টিনা।
ম্যাচের আগে দলে ইনজুরি নিয়ে কিছুটা দুশ্চিন্তা দেখা দিয়েছে। আর্জেন্টিনার জনপ্রিয় গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ডান পায়ের হ্যামস্ট্রিং ইনজুরির কারণে এই ম্যাচে খেলতে পারবেন না রাইট-ব্যাক গঞ্জালো মন্তিয়েল। তার পরিবর্তে একাদশে সুযোগ পাচ্ছেন নাহুয়েল মলিনা।
আক্রমণভাগে শুরুতে কিছুটা দোটানা থাকলেও শেষ পর্যন্ত কোচ লিওনেল স্কালোনি লাউতারো মার্টিনেজের ওপরই আস্থা রাখছেন। হুলিয়ান আলভারেজ চোট কাটিয়ে ফিরলেও পুরোপুরি ম্যাচ ফিট না হওয়ায় তাকে শুরুর একাদশে রাখা হচ্ছে না।
মিডফিল্ড ও উইং নিয়েও কিছু পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। থিয়াগো আলমাদা ও নিকোলাস গঞ্জালেসের মধ্যে থেকে আলমাদাই এগিয়ে আছেন। লেফট-ব্যাকে ফাকুন্দো মেদিনাই থাকছেন, কারণ নিকোলাস তাগলিয়াফিকো ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় ঝুঁকি নিতে চাননি কোচ।
অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশে থাকছেন— এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, ফাকুন্দো মেদিনা, রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, থিয়াগো আলমাদা (বা নিকোলাস গঞ্জালেস), লিওনেল মেসি ও লাউতারো মার্টিনেজ।
Leave a Reply