
বাংলাদেশের ব্যাংক খাতের ঝুঁকিপূর্ণ ঋণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। ২০২৫ সালের শেষে দুর্দশাগ্রস্ত ঋণের পরিমাণ ১০ লাখ কোটি টাকা ছাড়িয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে ব্যাংক খাতের মূলধন পর্যাপ্ততাও ঋণাত্মক অবস্থায় নেমে এসেছে, যা সামগ্রিক আর্থিক খাতের জন্য অশনি সংকেত হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ব্যাংকিং খাতে দুর্দশাগ্রস্ত ঋণের পরিমাণ এখন ১০ লাখ কোটি টাকার ওপরে। অবলোপন করা ঋণ যুক্ত করলে এ অঙ্ক দাঁড়ায় প্রায় ১১ লাখ কোটি টাকা। এতে ব্যাংকগুলোর প্রভিশন সংরক্ষণ সক্ষমতা কমে গেছে এবং মূলধনের ওপর বড় চাপ তৈরি হয়েছে।
বিশ্লেষকদের মতে, উচ্চ খেলাপি ঋণের কারণে ব্যাংক খাত প্রথমবারের মতো বড় ধরনের লোকসানের মুখে পড়েছে। গত বছর শেষে ব্যাংকিং খাতের নিট লোকসান দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা।
এমটিবি’র পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, বহু ব্যাংকের সম্পদের একটি বড় অংশ থেকে কোনো আয় হচ্ছে না, যা খাতটির স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলেছে। তিনি মনে করেন, এই পরিস্থিতি থেকে উত্তরণ কঠিন, কারণ নতুন আয় দিয়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়া সহজ নয়।
অর্থনীতিবিদদের মতে, দীর্ঘদিন ধরে পুনঃতফসিল সুবিধা, শিথিল নীতি এবং দুর্বল ঋণ আদায়ের কারণে সমস্যাগ্রস্ত ঋণের পরিমাণ বেড়েছে। বিআইবিএমের সাবেক মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী বলেন, কেন্দ্রীয় ব্যাংকের নীতি শিথিলতার কারণে ঋণ শৃঙ্খলা ভেঙে পড়েছে এবং খেলাপি ঋণ বাড়ছে।
সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান বলেন, ব্যাংক খাতে সুশাসন ও করপোরেট গভর্ন্যান্স দুর্বল থাকাও বর্তমান সংকটের একটি বড় কারণ।
অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, কিছু দুর্বল ব্যাংকের কারণে পুরো খাতের চিত্র খারাপ দেখা যাচ্ছে, তবে অনেক ব্যাংক এখনও ভালো অবস্থানে রয়েছে এবং ঋণ সরবরাহ সক্ষমতা ধরে রেখেছে।
বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে দেশের আন্তর্জাতিক বাণিজ্য কার্যক্রম ও আর্থিক স্থিতিশীলতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
Leave a Reply