
লালমনিরহাটের আদিতমারী উপজেলার শিশু নন্দিনী রায় হত্যা মামলার দ্রুত তদন্ত শেষ করে অল্প সময়ের মধ্যে চার্জশিট দাখিল করা হবে বলে জানিয়েছেন আসাদুল হাবিব দুলু। একই সঙ্গে তিনি আসামিদের দ্রুত বিচারের আশ্বাস দেন এবং প্রধানমন্ত্রীর নির্দেশে নিহতের পরিবারের পাশে থাকার কথা জানান।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ফলিমারী গ্রামে নিহত নন্দিনীর বাড়িতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ত্রাণমন্ত্রী বলেন, একটি নিষ্পাপ শিশুকে যারা এভাবে হত্যা করতে পারে, তারা নরপিশাচ। এ ধরনের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী বাজেট অধিবেশন থেকে নন্দিনীর পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, মামলার অভিযুক্তদের ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে একজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ফরেনসিক ও অন্যান্য তদন্ত শেষ করে দ্রুত চার্জশিট দেওয়া হবে।
উল্লেখ্য, গত সোমবার বিকেলে নিখোঁজ হয় শিশু নন্দিনী রায়। পরদিন সকালে একটি ভুট্টাখেত থেকে বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে অভিযুক্তদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করে, পরবর্তীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply