
সরকার স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
রোববার (১৪ জুন) নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ১০ জেলার আইসিইউ সেবা কার্যক্রম উদ্বোধন ও হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, চলতি বাজেটে স্বাস্থ্য খাতে জিডিপির ১ শতাংশ, অর্থাৎ প্রায় ৬৯ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি সারাদেশে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে, যার মধ্যে ৮০ হাজার নারী থাকবেন।
তিনি আরও বলেন, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে গর্ভবতী মায়েদের সেবা নিশ্চিত করবেন।
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সতর্ক করে তিনি জানান, ঝুঁকি মোকাবিলায় নারায়ণগঞ্জসহ ১০ জেলায় আইসিইউ সেবা চালু করা হয়েছে এবং জরুরি রোগী পরিবহনের জন্য চারটি হেলিকপ্টার কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিদর্শনের সময় হাসপাতালের অপরিচ্ছন্ন পরিবেশে অসন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তিন দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী, অন্যথায় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।
Leave a Reply