1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

“শাহজাহানপুরে যুবকের রহস্যজনক মৃত্যু, আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা ঘনীভূত হচ্ছে ধোঁয়াশা”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৯৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার :
রাজধানীর শাহজাহানপুর এলাকায় হাফেজ মোঃ ফাহিমুল ইসলাম (২৬)-এর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনাটিকে প্রাথমিকভাবে আত্মহত্যা হিসেবে উল্লেখ করলেও নিহতের পরিবার এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা ও সন্দেহের সৃষ্টি হয়েছে। নিহত ফাহিমুল ইসলাম দীর্ঘদিন ধরে শাহজাহানপুর থানাধীন শান্তিবাগ বাজার রোডের ২৫/৩ নম্বর ভবনে বসবাস করতেন। তিনি ওই ভবনের মালিক দেব শঙ্কর মাতার ফ্ল্যাটে ভাড়াটিয়া হিসেবে অবস্থান করতেন এবং বিমানবন্দরে একটি বেসরকারি নিরাপত্তা সংস্থা (বুশরা সিকিউরিটি সার্ভিস)-এ কর্মরত ছিলেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ফাহিম ছিলেন শান্ত, ভদ্র ও ধর্মপ্রাণ একজন তরুণ। তিনি কাঁচকুড়া জামিয়া শায়েখ জাকারিয়া মাদ্রাসা থেকে হিফজ সম্পন্ন করেছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে দেব শঙ্কর মাতার সঙ্গে ফাহিমের পরিচয় হয় এবং পরবর্তীতে তার মাধ্যমে তিনি চাকরিতে যোগ দেন। এরপর থেকে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। তবে মৃত্যুর আগে ফাহিমের মধ্যে কোনো ধরনের মানসিক অস্থিরতা বা আত্মহত্যার প্রবণতা ছিল না বলে দাবি করেছেন স্বজনরা। পরিবারের দাবি, তিনি নিজের জন্মদিন উদযাপন নিয়েও পরিকল্পনা করেছিলেন এবং পরিবারের সঙ্গে সময় কাটানোর কথা ছিল। গত ৫ জুন শান্তিবাগ এলাকার ওই ফ্ল্যাট থেকে ফাহিমুল ইসলামের মরদেহ উদ্ধার করে শাহজাহানপুর থানা পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হলেও নিহতের পরিবার তা প্রত্যাখ্যান করে এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ তুলেছে। পরিবারের অভিযোগ, ঘটনাটিকে দ্রুত আত্মহত্যা হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। পাশাপাশি শাহজাহানপুর থানার এসআই সিয়াম ময়নাতদন্তের কথা বলে নিহতের মায়ের কাছ থেকে একটি অপমৃত্যু সংক্রান্ত আবেদনে স্বাক্ষর নেন বলেও দাবি করেছেন স্বজনরা। এছাড়া ঘটনাস্থলে তিনটি মোবাইল ফোন থাকার কথা থাকলেও পুলিশ দুটি ফোনের বিষয়ে জানিয়েছে বলে অভিযোগ উঠেছে। তৃতীয় মোবাইল ফোনের অবস্থান ও মালিকানা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে।

অন্যদিকে, ফ্ল্যাটের মালিক দেব শঙ্কর মাতা দাবি করেন, ঘটনার আগে ফাহিম ভিডিও কলে তাকে গলায় ফাঁস দেওয়ার প্রস্তুতির দৃশ্য দেখান। পরে তিনি সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করেন বলে জানান। তবে নিহতের পরিবার ও স্থানীয়দের অভিযোগ, ৯৯৯-এ কল করার পরও পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় তিন ঘণ্টা সময় নেয়। ঘটনাস্থল থেকে থানার দূরত্ব মাত্র কয়েক মিনিট হওয়া সত্ত্বেও এই বিলম্ব নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে জরুরি পরিস্থিতিতে ফায়ার সার্ভিসকে অবহিত করা হয়েছিল কি না—সে বিষয়েও এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এ ঘটনায় নিহতের পরিবার দেব শঙ্কর মাতাকে সন্দেহভাজন হিসেবে উল্লেখ করে ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। অন্যদিকে দেব শঙ্কর মাতা এ বিষয়ে বিস্তারিত মন্তব্য না করে বিষয়টি নিয়ে থানার ওসির সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। এ ঘটনায় পুলিশের ভূমিকা, ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব এবং সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে স্থানীয়দের মধ্যেও প্রশ্ন দেখা দিয়েছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। নিহতের পরিবার মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ পুলিশ, র‍্যাবসহ সংশ্লিষ্ট সকল সংস্থার প্রতি ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত রহস্য উদঘাটনের জোর দাবি জানিয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News