1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১১৩ বার পঠিত

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিবহন শ্রমিকদের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উদ্যোগে ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে।

ডিএমপির ট্রাফিক বিভাগের উদ্যোগে এবং বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকের সহযোগিতায় বিশেষজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে রাজধানীর এয়ারপোর্ট গোলচত্বর, মহাখালী বাস টার্মিনাল, গাবতলী বাস স্ট্যান্ড, কাকরাইল, মতিঝিল বয়েজ স্কুল মাঠ, ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড এবং বলধা গার্ডেন সংলগ্ন এলাকায় এই স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করা হয়। ক্যাম্পে পরিবহন শ্রমিকদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসাসেবা এবং স্বাস্থ্যবিষয়ক পরামর্শ প্রদান করা হয়।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমানের দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে আয়োজিত এ কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, পরিবহন শ্রমিকরা স্বল্প আয়, দীর্ঘ কর্মঘণ্টা ও সময়ের অভাবে অনেক ক্ষেত্রেই নিয়মিত চিকিৎসাসেবা গ্রহণ করতে পারেন না। তাদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতেই ডিএমপি এ মানবিক উদ্যোগ গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, পরিবহন চালক ও হেল্পারদের সুস্বাস্থ্য নিশ্চিত করা গেলে যাত্রী ও পণ্য পরিবহন আরও নিরাপদ ও ঝুঁকিমুক্ত হবে। বর্তমানে সীমিত পরিসরে কার্যক্রম পরিচালিত হলেও ভবিষ্যতে এটি আরও বিস্তৃত ও টেকসইভাবে পরিচালনার পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অধিকাংশ পরিবহন চালক ও হেল্পার উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ফুসফুসজনিত জটিলতা এবং মাংসপেশির বিভিন্ন সমস্যায় ভুগে থাকেন। সময়মতো চিকিৎসা গ্রহণ করলে এসব রোগ নিয়ন্ত্রণ বা নিরাময় সম্ভব হলেও নানা সীমাবদ্ধতার কারণে তারা নিয়মিত চিকিৎসাসেবা নিতে পারেন না। ডিএমপির এই উদ্যোগ তাদের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার একটি মানবিক প্রচেষ্টা হিসেবে বিবেচিত হচ্ছে।

উল্লেখ্য, ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ কার্যক্রম চালুর পর থেকে ইতোমধ্যে সহস্রাধিক পরিবহন শ্রমিক এ সেবা গ্রহণ করেছেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News