
ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আগামী শুক্রবার পেট্রাপোল-বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করবেন। তার সঙ্গে থাকবেন স্ত্রী মৃণাল ত্রিবেদী। বিষয়টি নিশ্চিত করেছে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন।
বৃহস্পতিবার বিকেলে ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক, প্রেস ও তথ্য) গোকুল ভি কে জানান, ১২ জুন দীনেশ ত্রিবেদীর বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হবে।
বাংলাদেশে আসার একদিন আগে কলকাতার নেতাজি ভবন পরিদর্শনকালে দীনেশ ত্রিবেদী বলেন, ভালোবাসা ও পারস্পরিক আন্তরিকতার মাধ্যমে দুই দেশের সব সমস্যার সমাধান সম্ভব। তিনি আরও বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক শুধু সীমান্ত নয়, বরং অভিন্ন স্বপ্ন ও সংস্কৃতির বন্ধনে গড়া।
নিজের দায়িত্বের অগ্রাধিকারের বিষয়ে তিনি জানান, বাংলাদেশ-ভারত জনগণের সম্পর্কই তার প্রধান ফোকাস। দুই দেশের জনগণকে তিনি “ভাই-বোন” হিসেবে উল্লেখ করেন এবং পারস্পরিক সহযোগিতা ও ভালোবাসার ওপর গুরুত্ব দেন।
গত এপ্রিলে ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন এই নেতা কংগ্রেস, জনতা দল, তৃণমূল কংগ্রেস এবং পরবর্তীতে বিজেপিতে যুক্ত ছিলেন।
Leave a Reply