
স্কটল্যান্ডের জাতীয় স্টেডিয়ামের সামনে ইসরায়েলি হামলায় নিহত শত শত ফিলিস্তিনি ফুটবলারদের স্মরণে মোমবাতি প্রজ্বলন ও শোকসভা করেছে স্কটিশ মানবাধিকার কর্মীরা। কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
গত শুক্রবার (০৫ জুন ২০২৬ খ্রি.) গ্লাসগোর হ্যাম্পডেন পার্ক স্টেডিয়ামের প্রধান প্রবেশপথের সামনে ‘রেড কার্ড গ্লাসগো’ নামের একটি অ্যাক্টিভিস্ট গ্রুপ এই ব্যতিক্রমী ও আবেগঘন কর্মসূচির আয়োজন করে।
মানবাধিকার সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর বর্বর হামলায় নিহত ফিলিস্তিনের শত শত পেশাদার ও উদীয়মান ফুটবলারকে স্মরণ করতেই এই আয়োজন। কাকতালীয়ভাবে, একই সময়ে হাঙ্গেরির একটি দর্শকশূন্য স্টেডিয়ামে স্কটল্যান্ড নারী ফুটবল দলের সাথে ইসরায়েলের একটি নির্ধারিত ম্যাচ অনুষ্ঠিত হচ্ছিল।
গ্রুপটির সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কর্মসূচিতে অংশগ্রহণকারীরা স্টেডিয়ামের সামনে সারিবদ্ধভাবে মোমবাতি প্রজ্বলন করছেন এবং নিহতদের স্মরণে ফুলের তোড়া রাখছেন। এ সময় অনেকেই ফিলিস্তিনের ফুটবল জার্সি ও ঐতিহ্যবাহী স্কার্ফ (কেফিয়াহ) স্টেডিয়ামের প্রবেশপথে ঝুলিয়ে দেন। পরবর্তীতে তারা নিহত ফিলিস্তিনি খেলোয়াড় ও ক্রীড়াবিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করেন।
Leave a Reply