1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

বন্দরে জঙ্গলের ভেতর থেকে চুয়েট প্রকৌশলী উদ্ধার, ২ ঘণ্টার মধ্যে ৪ অপহরণকারী আটক

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১০৮ বার পঠিত

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত কাতার প্রবাসী ও চুয়েট প্রকৌশলী মোঃ মনিরুল হককে মাত্র দুই ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে র‍্যাব-৭। এ সময় অপহরণের সাথে সরাসরি জড়িত ৪ জন পেশাদার অপহরণকারীকে আটক করতে সক্ষম হয় র‍্যাবের আভিযানিক দল।

আটককৃত অপহরণকারীরা হলো— মোঃ রোহান (২০), মোঃ সায়েম (২৩), মোঃ সাদ্দাম হোসেন (২৮) এবং মোঃ জিয়াউর রহমান। তারা সকলেই চট্টগ্রাম জেলার হালিশহর থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।

র‍্যাব ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, কাতার প্রবাসী চুয়েট প্রকৌশলী মোঃ মনিরুল হক আজ রোববার (০৭ জুন ২০২৬ খ্রি.) সকাল আনুমানিক ১১টার দিকে চান্দগাঁও থানাধীন মধ্যম মোহরা এলাকার নিজ বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয় এবং দ্রুত উদ্ধারের জন্য র‍্যাব বরাবর আবেদন জানানো হয়। এরই মধ্যে একটি অজ্ঞাতনামা মোবাইল নম্বর থেকে ভিকটিমের পরিবারের কাছে ফোন করে জানানো হয় যে, মনিরুল হক তাদের হেফাজতে রয়েছে এবং তাকে সুস্থ অবস্থায় ফেরত পেতে হলে ৩ লক্ষ টাকা মুক্তিপণ দিতে হবে।

মুক্তিপণের কল পাওয়ার পর র‍্যাব-৭ এর একটি চৌকস আভিযানিক দল তথ্য-প্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের অবস্থান শনাক্তে মাঠে নামে। পরবর্তীতে আজ বিকেল আনুমানিক ৬টা ৫ মিনিটে চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন রেলওয়ে একাডেমির সিএইসডি গোডাউনের সামনে ডেবার পাড়স্থ একটি জঙ্গলের ভেতর ঝটিকা অভিযান পরিচালনা করে র‍্যাব। সেখান থেকে অপহৃত প্রকৌশলী মনিরুল হককে অক্ষত অবস্থায় উদ্ধার এবং মুক্তিপণ দাবি করা ৪ অপহরণকারীকে হাতেনাতে আটক করা হয়।

র‍্যাব-৭ জানিয়েছে, উদ্ধারকৃত ভিকটিমকে তাঁর পরিবারের কাছে হস্তান্তরের পাশাপাশি গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News