
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায় আগামীকাল রোববার ঘোষণা করা হবে। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এই রায় প্রদান করবেন। রায়ে দুই আসামি—সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রত্যাশা করেছে রাষ্ট্রপক্ষ।
শনিবার রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু জানান, সাক্ষ্য-প্রমাণে আসামিদের বিরুদ্ধে শিশু রামিসাকে হত্যার অভিযোগ তারা সম্পূর্ণভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছেন। তাই ট্রাইব্যুনাল আসামিদের সর্বোচ্চ শাস্তি দেবেন বলেই তাদের প্রত্যাশা। অন্যদিকে আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মুসা কালিমুল্যাহ ন্যায়বিচার পাওয়ার আশা প্রকাশ করেছেন। এর আগে গত বৃহস্পতিবার যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য ৭ জুন (রোববার) দিন ধার্য করেন।
মামলার বিবরণ অনুযায়ী, পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা গত ১৯ মে সকালে ঘর থেকে বের হলে আসামি স্বপ্না তাকে কৌশলে নিজের কক্ষে নিয়ে যায়। পরে রামিসাকে স্কুলে পাঠানোর জন্য খোঁজাখুঁজি করার সময় তার মা আসামিদের কক্ষের সামনে শিশুটির জুতা দেখতে পান। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে প্রবেশ করলে রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ স্বপ্নাকে আটক করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জ থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করে। ২০ মে রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় মামলা দায়ের করার পর প্রধান আসামি সোহেল রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই অহিদুজ্জামান দ্রুততম সময়ে (২৪ মে) আদালতে চার্জশিট দাখিল করেন। এরপর ১ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এই মামলায় চার্জশিটভুক্ত ১৮ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে মাত্র কয়েকদিনের ব্যবধানেই রায় ঘোষণার পর্যায়ে পৌঁছালো মামলাটি।
Leave a Reply