1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংস্কারে সরকারের বড় উদ্যোগ: কমছে বিষয় ও কর্মদিবস

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১১৩ বার পঠিত

দেশের প্রধান দুটি পাবলিক পরীক্ষা—এসএসসি ও এইচএসসি’র সময়কাল কমিয়ে আনা এবং শিক্ষার্থীদের মানসিক চাপ মুক্ত করতে পরীক্ষা পদ্ধতিতে বড় ধরনের সংস্কারের পরিকল্পনা করছে সরকার। বিদ্যমান শিক্ষাক্রমের আওতায় পরীক্ষার বিষয়ের সংখ্যা যৌক্তিক পর্যায়ে আনা এবং পরীক্ষা গ্রহণের কর্মদিবস উল্লেখযোগ্য হারে কমানোর লক্ষ্যে একটি কর্মপরিকল্পনা ও ধারণাপত্র তৈরি করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। সম্প্রতি প্রস্তাবিত এই কর্মপরিকল্পনাটি অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

এনসিটিবির ধারণাপত্রে বলা হয়েছে, বর্তমানে এসএসসি পরীক্ষা সম্পন্ন করতে প্রায় ২৫-৩০ কর্মদিবস এবং এইচএসসি পরীক্ষায় ৩০-৩৫ কর্মদিবস বা তারও বেশি সময় লেগে যায়। এই দীর্ঘ সময় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হওয়ায় হাজার হাজার স্কুলে নিয়মিত পাঠদান বন্ধ থাকে, যা অন্যান্য শ্রেণির শিক্ষার্থীদের শিখন ঘণ্টা কমিয়ে দিচ্ছে। এছাড়া দীর্ঘমেয়াদি পরীক্ষার কারণে পরীক্ষার্থীদের ওপর অসহনীয় মানসিক চাপ তৈরি হয়। একই সাথে বিপুল সংখ্যক শিক্ষককে পাঠদান থেকে বিরত রেখে পরীক্ষা পরিচালনা, খাতা মূল্যায়ন ও ফল প্রকাশের দীর্ঘ প্রক্রিয়ার কারণে উচ্চশিক্ষায় ভর্তি বিলম্বিত হচ্ছে, যা সেশনজটের ঝুঁকি বাড়াচ্ছে।

এনসিটিবি চেয়ারম্যান মো. মাহবুবুল হক পাটওয়ারী জানান, মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরি করে পাঠানো হয়েছে। পরবর্তী পদক্ষেপ হিসেবে প্রথিতযশা শিক্ষাবিদ, কারিকুলাম ও মূল্যায়ন বিশেষজ্ঞ, শিক্ষা বোর্ডের প্রতিনিধি, অভিভাবক এবং শিক্ষার্থীদের নিয়ে একটি দুই দিনব্যাপী কর্মশালা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই কর্মশালার মূল উদ্দেশ্যগুলো হলো এসএসসি ও এইচএসসির বিদ্যমান বিষয় কাঠামো পর্যালোচনা, পরীক্ষার ব্যাপ্তি ও কর্মদিবস কমানোর কার্যকর কৌশল নির্ধারণ, প্রতি বছর ডিসেম্বরের মধ্যে এসএসসি পরীক্ষা শেষ করার সম্ভাব্যতা যাচাই এবং ধারাবাহিক ও সামষ্টিক মূল্যায়নের সঠিক অনুপাত নির্ধারণ করা।

এছাড়া ভারত, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক অভিজ্ঞতার আলোকে ন্যূনতম কতটি বিষয়ে পরীক্ষা নেওয়া যৌক্তিক তা নির্ধারণ করা হবে। বর্তমান বিষয়গুলোর একীকরণ, আবশ্যিক ও ঐচ্ছিক বিষয়ের পুনর্বিন্যাস এবং ব্যবহারিক মূল্যায়নের আধুনিকায়নের মতো বিষয়গুলো নিয়েও এখানে বিস্তারিত আলোচনা হবে।

প্রস্তাবিত এই কর্মশালায় শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, মাউশি, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রকসহ প্রায় ৯০ জন অংশীজন উপস্থিত থাকবেন। বিশেষজ্ঞ প্যানেলে থাকছেন ব্র্যাক ইউনিভার্সিটির ইমেরিটাস অধ্যাপক ড. মনজুর আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআর-এর পরিচালক অধ্যাপক হোসনে আরা বেগমসহ শীর্ষস্থানীয় শিক্ষাবিদরা। কর্মশালায় গঠিত ৬টি পৃথক দল সাধারণ শিক্ষার পাশাপাশি মাদ্রাসা ও কারিগরি সিলেবাসের সামঞ্জস্য রক্ষা এবং ব্যবহারিক পরীক্ষা আধুনিকায়নে সুনির্দিষ্ট সুপারিশমালা তৈরি করবে।

এনসিটিবি’র সদস্য (শিক্ষাক্রম) অধ্যাপক ড. এ কে এম মাসুদুল হক এবং প্রধান সম্পাদক মুহাম্মদ ফাতিহুল কাদীর জানান, বিষয় ও কর্মদিবস কমানোর একটি প্রাথমিক রূপরেখা মন্ত্রণালয়ে দেওয়া হলেও এটি এখনও চূড়ান্ত নয়। বর্তমানে এনসিটিবি আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ের জরুরি পরিমার্জনের কাজ নিয়ে ব্যস্ত রয়েছে। এই সংস্কারের মূল বিষয়গুলো পরবর্তীতে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা পরিচালনা কমিটির সাথে সমন্বয় করে চূড়ান্ত করা হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক জানান, সম্প্রতি এ বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে এবং সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এই সংস্কার বাস্তবায়িত হলে পাবলিক পরীক্ষার ব্যাপ্তি কমবে এবং শিক্ষাবর্ষের স্বাভাবিক পাঠদান কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছে এনসিটিবি।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News