জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইউনিসেফ বাংলাদেশের একটি প্রতিনিধিদল। বৈঠকে শিশু অধিকার সুরক্ষা, শিশুবান্ধব নীতি প্রণয়ন, বাজেটে শিশুদের জন্য বরাদ্দ বৃদ্ধি, সামাজিক সুরক্ষা এবং পারস্পরিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
মঙ্গলবার (২ জুন) সংসদ ভবনে ডেপুটি স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে ইউনিসেফ বাংলাদেশের সোশ্যাল পলিসি চিফ স্ট্যানলি গুয়াভুইয়ার নেতৃত্বে প্রতিনিধিদল অংশ নেয়।
সাক্ষাৎকালে ডেপুটি স্পিকার বলেন, সন্তানদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করার বিষয়ে সমাজে এখনও প্রয়োজনীয় সচেতনতার ঘাটতি রয়েছে। তিনি শিশুবান্ধব বাজেট ও নীতি প্রণয়নে ইউনিসেফের দীর্ঘদিনের প্রচেষ্টার প্রশংসা করেন এবং এ বিষয়ে সক্রিয় সংসদ সদস্যদের নিয়ে গোলটেবিল বৈঠক আয়োজনের প্রস্তাব দেন। তার মতে, এমন আলোচনা শিশুবান্ধব নীতিমালা প্রণয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
ইউনিসেফের সোশ্যাল পলিসি চিফ স্ট্যানলি গুয়াভুইয়া বলেন, সংসদ সদস্যদের সঙ্গে প্রাক-বাজেট ব্রিফিং ও গোলটেবিল আলোচনা আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে শিশুরা সরাসরি নীতিনির্ধারকদের কাছে নিজেদের মতামত ও প্রয়োজন তুলে ধরার সুযোগ পায়।
তিনি আরও বলেন, শুধু শিশুদের জন্য বাজেট বরাদ্দ বাড়ালেই যথেষ্ট নয়; বরং সেই অর্থের যথাযথ ব্যবহার, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ।
বৈঠকে ইউনিসেফের অন্যান্য প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন সোশ্যাল পলিসি অ্যান্ড ইকোনমিক স্পেশালিস্ট মো. আশিক ইকবাল, কমিউনিকেশন স্পেশালিস্ট ফারিয়া সেলিম এবং কমিউনিকেশন অফিসার কারিশমা আহমেদ। এছাড়া জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
Leave a Reply