
দেশে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৭৯ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৪৫ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।
সোমবার (১ জুন) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ৫৮৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে মারা গেছে ৪৯৮ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯০ জন শিশু।
একই সময় দেশে মোট ৭২ হাজার ৭০ জন শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে ৫৭ হাজার ৯০২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৩ হাজার ৭২২ জন শিশু।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৯৪ জন।
হামের বিস্তার রোধে অভিভাবকদের শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
Leave a Reply