
বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসে জ্বালানির মূল্য সমন্বয় করা হয় এবং এরই ধারাবাহিকতায় সরকার বাধ্য হয়ে জ্বালানির দাম বাড়িয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
সোমবার (১ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
জ্বালানি প্রতিমন্ত্রী জানান, প্রতি মাসেই জ্বালানির মূল্য সমন্বয়ের প্রক্রিয়া অনুসরণ করা হয়। তবে মে মাসে কোনো মূল্য সমন্বয় করা হয়নি, কারণ এপ্রিল মাসেই একটি সমন্বয় কার্যকর করা হয়েছিল। তিনি বলেন, একান্ত প্রয়োজন না হলে সরকার এ ধরনের অপ্রিয় সিদ্ধান্ত নিতে চায় না।
তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামে প্রভাব পড়েছে। দেশের জ্বালানি ব্যবহারের সবচেয়ে বড় অংশ ডিজেল হওয়ায় এ খাতে সরকারকে সবচেয়ে বেশি ভর্তুকি দিতে হয়। তবুও সাধারণ মানুষের ওপর চাপ কমাতে ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য উল্লেখযোগ্যভাবে কমে এলে সরকারও দ্রুত মূল্য সমন্বয়ের উদ্যোগ নেবে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, জনগণের প্রতি সরকারের দায়বদ্ধতা রয়েছে এবং মানুষের কষ্ট লাঘবে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
বিদ্যুতের মূল্য বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, এ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি)। সরকার কমিশনের স্বাধীন ক্ষমতা পুনর্বহাল করেছে এবং বর্তমানে বিদ্যুতের দাম নিয়ে সরকারের সঙ্গে কোনো আলোচনা হয়নি।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর মাধ্যমে বিদ্যুৎ খাতে ভর্তুকি কমানোর পরিকল্পনা রয়েছে। এতে ভবিষ্যতে গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে।
তিনি আরও জানান, ঈদের ছুটির সময়ে দেশে বিদ্যুতের চাহিদা ৫ হাজার ৭০০ মেগাওয়াটে নেমে এসেছিল। ফলে লোডশেডিংয়ের তেমন প্রয়োজন হয়নি। তবে ঝড়-বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে সঞ্চালন লাইনে সমস্যা সৃষ্টি হওয়ায় কিছু এলাকায় সাময়িক লোডশেডিং করতে হয়েছে।
Leave a Reply