
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) পবিত্র ঈদুল আজহার কোরবানির বর্জ্য অপসারণে নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কোরবানি শুরুর পর গত তিন দিনে কর্পোরেশন মোট ৩৬ হাজার ৮৬ টন বর্জ্য অপসারণ করেছে।
রোববার (৩১ মে) নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএসসিসি প্রশাসক মো. আব্দুস সালাম এ তথ্য জানান।
তিনি বলেন, এবারের ঈদে প্রাথমিকভাবে ৩৪ হাজার টন বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে মাঠপর্যায়ের কার্যক্রম ও সমন্বিত উদ্যোগের ফলে নির্ধারিত সময়ের আগেই সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে।
বর্জ্য অপসারণ কার্যক্রমে ডিএসসিসির প্রায় সাড়ে ১৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী ও কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। দিন-রাত নিরলস পরিশ্রমের মাধ্যমে নগরীকে দ্রুত পরিচ্ছন্ন করার কাজ সম্পন্ন করা হয় বলে জানান তিনি।
তবে নির্ধারিত সময়ের মধ্যে পশুর হাটের বর্জ্য অপসারণে ব্যর্থ হওয়ায় ১১টি অস্থায়ী হাটের ইজারাদারের জামানত বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের কালো তালিকাভুক্ত করার প্রক্রিয়া চলছে বলেও জানান ডিএসসিসি প্রশাসক।
তিনি আরও বলেন, ভবিষ্যতে হাট ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও দায়িত্বশীলতা নিশ্চিত করতে জামানতের পরিমাণ বাড়ানোসহ কঠোর নীতি গ্রহণ করা হবে। হাটের বর্জ্য ব্যবস্থাপনায় অবহেলার ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
Leave a Reply