1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

“আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমা ৩ জুন”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৩৭ বার পঠিত

 

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন নির্ধারিত সময়ে জমা দেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি জানান, তদন্ত কাজ সম্পন্ন করতে কমিটিকে আরও তিন দিন সময় দেওয়া হয়েছে এবং আগামী ৩ জুন পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া হবে।

শনিবার (৩০ মে) রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সন্তানহারা মায়েদের বক্তব্য এখনো গ্রহণ করা সম্ভব হয়নি। তাদের বক্তব্য অন্তর্ভুক্ত করেই পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রস্তুত করা হবে। এ কারণেই তদন্ত কমিটির সময়সীমা বাড়ানো হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, হাসপাতালের সংশ্লিষ্ট ওয়ার্ডে রাত ২টা থেকে ৪টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি) বন্ধ ছিল এবং ওই সময় কোনো বিকল্প ভেন্টিলেশনের ব্যবস্থাও ছিল না।

সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, তদন্ত প্রতিবেদনে কারও গাফিলতি বা দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

এর আগে গত বুধবার (২৭ মে) রাতে ময়নাতদন্ত না করার জন্য স্বজনদের আবেদনের পর ছয় নবজাতকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় একটি পরিবারের পক্ষ থেকে রাজধানীর রমনা থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ১১ জন মা ও ছয় নবজাতক ভর্তি ছিলেন। মঙ্গলবার (২৬ মে) দিবাগত রাতে এক প্রসূতির অনুরোধে কিছু সময়ের জন্য এসি বন্ধ রাখা হয়। পরে পুনরায় এসি চালু করার পর কয়েকজন নবজাতক অসুস্থ হয়ে পড়ে। তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) নেওয়া হলেও এক পর্যায়ে ছয় নবজাতকেরই মৃত্যু হয়।

ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News