1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে লিগ্যাল নোটিশ

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ৩৬ বার পঠিত

আদ-দ্বীন হাসপাতাল-এর মাতৃত্ব ও নবজাতক ওয়ার্ডে একাধিক নবজাতকের মৃত্যু ও অসুস্থতার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ও ফৌজদারি ব্যবস্থা গ্রহণ, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ প্রদান এবং দেশের সব হাসপাতালের মা ও নবজাতক ওয়ার্ডে জরুরি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের দাবিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

শুক্রবার (২৯ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান এ নোটিশ পাঠান। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক), স্বাস্থ্য অধিদপ্তর এবং আদ-দ্বীন হাসপাতাল-এর পরিচালককে নোটিশের বিবাদী করা হয়েছে।

নোটিশে বলা হয়, সম্প্রতি হাসপাতালের মাতৃত্ব ও নবজাতক ওয়ার্ডে একাধিক নবজাতকের মৃত্যু ও অসুস্থতার ঘটনায় দেশব্যাপী উদ্বেগ, শোক ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। অভিযোগ অনুযায়ী, গভীর রাতে সদ্য জন্ম নেওয়া কয়েকটি নবজাতক হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে অবিরাম কান্না, বমি, শ্বাসকষ্ট ও শারীরিক অবস্থার দ্রুত অবনতি দেখা দেয়। একইসঙ্গে কয়েকজন প্রসূতি মাও অসুস্থ হয়ে পড়েন।

নোটিশে আরও উল্লেখ করা হয়, সংকটময় পরিস্থিতিতেও পর্যাপ্ত জরুরি চিকিৎসা সাড়া, সার্বক্ষণিক পর্যবেক্ষণ এবং দ্রুত চিকিৎসা সহায়তা নিশ্চিত করা হয়নি। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসাকর্মীদের উপস্থিতি ও তৎপরতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। পাশাপাশি গুরুতর অসুস্থ নবজাতকদের উন্নত চিকিৎসাকেন্দ্রে স্থানান্তরেও বিলম্ব হয়েছে বলে অভিযোগ করা হয়।

এ ঘটনায় দেশের হাসপাতালগুলোর মাতৃত্ব ও নবজাতক ওয়ার্ডের নিরাপত্তা, জরুরি চিকিৎসা সেবা ও রোগী পর্যবেক্ষণ ব্যবস্থার দুর্বলতা সামনে এসেছে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

লিগ্যাল নোটিশে চারটি দাবি উত্থাপন করা হয়েছে—
১. ঘটনায় দায়ীদের চিহ্নিত করে বিভাগীয় ও ফৌজদারি ব্যবস্থা গ্রহণ।
২. ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যথাযথ ক্ষতিপূরণ প্রদান।
৩. সরকারি-বেসরকারি সব হাসপাতালে মাতৃত্ব ও নবজাতক ওয়ার্ডে জরুরি চিকিৎসা সাড়া ও রোগী নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর নির্দেশিকা ও প্রটোকল প্রণয়ন।
৪. হাসপাতালগুলোর নিরাপত্তা, সেবার মান ও জরুরি চিকিৎসা ব্যবস্থার নিয়মিত তদারকির জন্য কার্যকর মনিটরিং ব্যবস্থা বা কমিটি গঠন।

নোটিশে ৭২ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে গৃহীত পদক্ষেপ সম্পর্কে জনসাধারণকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News