
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা সেনানিবাসে গিয়ে সেনাসদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় ও আনন্দ ভাগাভাগি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি অফিসার, জেসিও ও সৈনিকদের সঙ্গে ঈদ প্রীতিভোজেও অংশ নেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
প্রীতিভোজ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বহু বছর পর নিজের স্মৃতিবিজড়িত সেনানিবাস এলাকায় এসে তিনি অত্যন্ত আনন্দিত ও আবেগাপ্লুত। সেনানিবাসের শৃঙ্খলাপূর্ণ পরিবেশ, সহযোদ্ধাসুলভ বন্ধন এবং সেনাসদস্যদের আন্তরিকতা তার কাছে বিশেষভাবে স্মরণীয় বলেও উল্লেখ করেন তিনি।
পরে প্রধানমন্ত্রী ইউনিটের সৈনিক লাইন পরিদর্শন করেন এবং ইউনিট প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। এছাড়া তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং অফিসার, জেসিও ও অন্যান্য পদবির সৈনিকদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।
আইএসপিআর জানায়, ঈদের দিনে প্রধানমন্ত্রীর উপস্থিতি সেনাসদস্যদের মনোবল, দায়িত্ববোধ ও দেশসেবার অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।
Leave a Reply