
পবিত্র হজের মূল কার্যক্রম শুরু হতে যাচ্ছে আজ রাত থেকে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত হাজিরা মিনার উদ্দেশে রওনা হচ্ছেন।
রোববার (২৪ মে) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী হাজিদের মিনায় গমন নিরাপদ ও সুশৃঙ্খল করতে আজ রাতেই পরিবহন কার্যক্রম শুরু করা হবে। বাংলাদেশি হজযাত্রীদের মিনায় পাঠানোর জন্য হজ অফিস ও এজেন্সিগুলো সব প্রস্তুতি সম্পন্ন করেছে।
শরিয়ত অনুযায়ী ৮ জিলহজ মিনায় অবস্থানের মাধ্যমে হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। সেখানে হাজিরা ফজর থেকে এশা পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন।
পরদিন ৯ জিলহজ হাজিরা আরাফাতের ময়দানে অবস্থান করবেন, যেখানে হজের মূল রুকন সম্পন্ন হয়। সেখানে খুতবা শেষে একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করা হবে।
সূর্যাস্তের পর হাজিরা মুজদালিফার উদ্দেশে রওনা হয়ে সেখানে রাতযাপন করবেন এবং পরদিন মিনায় ফিরে কঙ্কর নিক্ষেপ, কোরবানি ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।
এ বছর বিশ্বের প্রায় ১৬ থেকে ১৮ লাখ মুসলমান হজ পালন করবেন বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ থেকে প্রায় ৭৮ হাজারের বেশি হজযাত্রী এ বছর হজে অংশ নিচ্ছেন।
Leave a Reply