
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণ করে আগামী ১ জুন অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেছেন আদালত।
রোববার (২৪ মে) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক অহিদুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে ৪৭ পৃষ্ঠার চার্জশিট দাখিল করেন।
এর আগে সকালে রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় অভিযুক্ত দুইজনকে আদালতে হাজির করা হয়।
মামলাটি পরিচালনার জন্য শনিবার (২৩ মে) বিশেষ পাবলিক প্রসিকিউটর হিসেবে আজিজুর রহমান দুলুকে নিয়োগ দেয় আইন মন্ত্রণালয়। তিনি ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের হয়ে মামলা পরিচালনা করবেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১৯ মে) রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরদিন নারায়ণগঞ্জ থেকে প্রধান আসামি সোহেল রানাকে গ্রেফতার করা হয়। পরে তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
Leave a Reply