
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার ব্যবহার থাকবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন বিধিমালায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে, যার মধ্যে অন্যতম হলো পোস্টার নিষিদ্ধ করা। নির্বাচন কমিশন এ বিষয়ে নীতিগতভাবে একমত।
তিনি আরও জানান, সংশোধিত বিধিমালায় অনলাইনে মনোনয়নপত্র দাখিলের ব্যবস্থা বাতিল করা হবে এবং ইভিএম ব্যবহারের বিধানও থাকছে না। স্থানীয় সরকার নির্বাচন সম্পূর্ণভাবে নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হবে, ফলে দলীয় প্রতীকও ব্যবহার করা যাবে না।
বর্তমানে নির্দলীয় প্রার্থীদের জন্য ১ শতাংশ ভোটারের সমর্থন স্বাক্ষর জমা দেওয়ার বাধ্যবাধকতাও বাতিল করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। একই সঙ্গে উপজেলা নির্বাচন ছাড়া অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনে জামানতের পরিমাণ বাড়ানোর বিষয়েও কমিশন কাজ করছে।
তিনি আরও বলেন, প্রবাসী ভোট বা পোস্টাল ভোটের কোনো ব্যবস্থা স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না। পাশাপাশি ফেরারি আসামি এবং আইসিটি আইনের চার্জশিটভুক্ত ব্যক্তিরা প্রার্থী হতে পারবেন না।
ইসি মাছউদ জানান, চলতি বছরের শেষ দিকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে এবং অক্টোবর থেকেই ধাপে ধাপে ভোট আয়োজনের পরিকল্পনা রয়েছে।
নির্বাচন সুষ্ঠু করতে চারটি বিষয়ের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সরকারের নিরপেক্ষ ভূমিকা, রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ, নির্বাচন কমিশনের দৃঢ় অবস্থান এবং নির্বাচন প্রক্রিয়ায় নিয়োজিত কর্মকর্তাদের সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করা জরুরি এবং রাজনৈতিক দলগুলোকে সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণ প্রতিযোগিতায় অংশ নিতে হবে। একই সঙ্গে নির্বাচন কমিশন আইন অনুযায়ী কঠোর অবস্থান নেবে বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী পর্যাপ্তভাবে মোতায়েন করা হবে এবং অনিয়ম বা সহিংসতার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে ভোটকেন্দ্র বন্ধ করার ক্ষমতাও কমিশনের রয়েছে।
আশাবাদ ব্যক্ত করে নির্বাচন কমিশনার বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে তিনি প্রত্যাশা করেন।
Leave a Reply