
২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের কাছে তৎকালীন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের পরাজয়ের কারণ অনুসন্ধানে দীর্ঘ প্রতীক্ষিত ‘অটোপ্সি রিপোর্ট’ বা ময়নাতদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে ডেমোক্র্যাটিক পার্টি।
গত বৃহস্পতিবার (২১ মে) জনসমক্ষে আসা ১৯২ পৃষ্ঠার এই পর্যালোচনা নথিতে একাধিক ভুল, অসঙ্গতি ও তথ্যগত ঘাটতি রয়েছে বলে সমালোচনা উঠেছে। প্রতিবেদনে গাজা যুদ্ধ, ইসরাইল নীতি এবং মধ্যপ্রাচ্য ইস্যুর মতো গুরুত্বপূর্ণ বিষয় একেবারে উপেক্ষা করা হয়েছে বলেও উল্লেখ করা হয়।
ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটি (ডিএনসি) চেয়ারম্যান কেন মার্টিন বলেন, প্রতিবেদনটি দলের প্রত্যাশিত মানদণ্ড পূরণ করতে পারেনি। তবে স্বচ্ছতা বজায় রাখার স্বার্থে এটি অপরিবর্তিতভাবে প্রকাশ করা হয়েছে।
আল জাজিরার বিশ্লেষণ অনুযায়ী প্রতিবেদনে কয়েকটি মূল দুর্বলতা তুলে ধরা হয়েছে— যার মধ্যে রয়েছে গাজা ইস্যুতে নীরবতা, নির্বাচনী কৌশলের ঘাটতি, জো বাইডেন প্রশাসনের পর্যাপ্ত সমর্থনের অভাব এবং প্রচারণায় স্পষ্ট ভিশনের অনুপস্থিতি।
প্রতিবেদনে দাবি করা হয়েছে, গাজা যুদ্ধ ও ইসরাইল নীতি নিয়ে ডেমোক্র্যাটদের অবস্থান তরুণ ও প্রগতিশীল ভোটারদের একটি বড় অংশকে দূরে সরিয়ে দেয়। তবে এই সংবেদনশীল বিষয়টি পুরো প্রতিবেদনে উল্লেখই করা হয়নি বলেও সমালোচনা রয়েছে।
এছাড়া নথিতে সারসংক্ষেপ ও উপসংহার অংশ অনুপস্থিত এবং একাধিক তথ্য বাস্তবের সঙ্গে সাংঘর্ষিক বলেও অভিযোগ উঠেছে।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পবিরোধী প্রচারণা, অর্থনৈতিক চাপ এবং কৌশলগত দুর্বলতা মিলিয়ে ২০২৪ নির্বাচনে ডেমোক্র্যাটদের পরাজয়ের পেছনে একাধিক কাঠামোগত সমস্যা কাজ করেছে। সূত্র: আল জাজিরা।
Leave a Reply