
শেরপুরে প্রেমঘটিত বিরোধ ও প্রতিশোধের জেরে সংঘটিত আলোচিত হত্যাকাণ্ডের রহস্য ২৪ ঘণ্টার মধ্যেই উদঘাটন করেছে পিবিআই। এ ঘটনায় মূল দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল ও রশি জব্দ করা হয়েছে।
পিবিআই সূত্রে জানা যায়, গত ১৮ মে বিকেলে শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের নতুন বাগলগড় এলাকায় নেপিয়ার ঘাসের ক্ষেত থেকে মাথাবিহীন অর্ধগলিত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পরে নিহতের বাবা পোশাক ও জুতা দেখে মরদেহটি তার ছেলে আল আমিনের বলে শনাক্ত করেন। এ ঘটনায় শেরপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
মামলাটি তদন্তে নামে পিবিআই জামালপুর ইউনিট। তথ্যপ্রযুক্তির সহায়তায় ১৯ মে বিকেলে প্রধান আসামি শুভ (১৯)কে শেরপুরের বাগলগড় গুচ্ছগ্রাম এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সহযোগী আসামি সম্রাট (১৯)কেও জামালপুর সদর উপজেলার পাথালিয়া সন্ধিক্লাব এলাকা থেকে আটক করা হয়।
তদন্তে জানা যায়, শুভর বিধবা বোনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল নিহত আল আমিনের। একইসঙ্গে আল আমিন শুভর বোনের সঙ্গেও সম্পর্ক করতে চাইলে বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হয়ে ওঠে শুভ। পরে মোটরসাইকেলের গ্যারেজ দেওয়ার কথা বলে আল আমিনের কাছে এক লাখ টাকা দাবি করে সে। বিনিময়ে আল আমিন শুভর বোনকে কাছে পাওয়ার প্রস্তাব দিলে অপমানের প্রতিশোধ নিতে হত্যার পরিকল্পনা করে শুভ।
পরিকল্পনা অনুযায়ী, গত ১৩ মে আল আমিনকে মোটরসাইকেলে করে নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে মোবাইল ফোনে ব্যস্ত থাকার সুযোগে শুভ পেছন থেকে রশি পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে। পরে সহযোগী সম্রাট আল আমিনকে চেপে ধরলে শুভ ধারালো চাকু দিয়ে গলা কেটে হত্যা নিশ্চিত করে।
পিবিআই জানায়, গ্রেফতারকৃত শুভ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এছাড়া মোটরসাইকেলের মালিককেও গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে জবানবন্দি নেওয়া হয়েছে।
পিবিআইয়ের ভাষ্য, তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা তৎপরতা ও ধারাবাহিক নজরদারির মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে মামলার রহস্য উদঘাটন সম্ভব হয়েছে। মামলার তদন্ত এখনো চলমান রয়েছে।
Leave a Reply