
মধ্য আফ্রিকার দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে নতুন করে ইবোলা ভাইরাস ছড়িয়ে পড়েছে। এতে দেশটির ইতুরি প্রদেশে অন্তত ৮০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রাদুর্ভাব উগান্ডার সীমান্তবর্তী এলাকাতেও ছড়িয়ে পড়েছে।
শনিবার (১৬ মে) এক সংবাদ সম্মেলনে কঙ্গোর স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এবার দেশটিতে ইবোলার বুন্দিবুগিও ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। এ পর্যন্ত প্রায় ২৪৬ জনকে ভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে।
স্বাস্থ্য কর্মকর্তারা জানান, এই ভ্যারিয়েন্টে এখনো কোনো অনুমোদিত টিকা নেই এবং এতে মৃত্যুহার প্রায় ৫০ শতাংশ পর্যন্ত হতে পারে। ইতুরি ছাড়াও উগান্ডা সীমান্তবর্তী কয়েকটি অঞ্চলে সংক্রমণ শনাক্ত হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানায়, পরিস্থিতি গুরুতর হলেও এখনো এটিকে বৈশ্বিক মহামারি ঘোষণা করার পর্যায়ে পৌঁছায়নি। তবে সংস্থাটি সতর্ক করে বলেছে, কঙ্গোর সঙ্গে স্থলসীমান্ত থাকা দেশগুলোতে সংক্রমণ ছড়িয়ে পড়ার উচ্চ ঝুঁকি রয়েছে।
ডব্লিউএইচও আরও জানায়, বুন্দিবুগিও ধরনের কারণে এই প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং বর্তমানে প্রতিদিন নতুন সন্দেহভাজন রোগী শনাক্ত হচ্ছে। ফলে প্রকৃত আক্রান্তের সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
উল্লেখ্য, ১৯৭৬ সালে প্রথম শনাক্ত হওয়ার পর এটি কঙ্গোতে ইবোলার ১৭তম প্রাদুর্ভাব।
Leave a Reply