
আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
রাজধানীর উত্তরাপূর্ব থানা ও গাজীপুর মহানগর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ৩৪ লাখ জাল টাকা এবং জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জামাদিসহ আন্তঃজেলা জাল টাকা চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি), উত্তরা বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ মজিবুর রহমান (৩৮), মোঃ দুলাল মৃধা (৪০) ও মোঃ মামুন (২৫)।
ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৩ মে ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে উত্তরাপূর্ব থানাধীন সমবায় বাজার (বিডিআর) মার্কেটের সামনে অভিযান চালিয়ে মজিবুর রহমানকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪ লাখ জাল টাকা এবং জাল টাকা বিক্রির নগদ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়।
পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন দুপুর আনুমানিক ২টা ৫ মিনিটে গাজীপুর মহানগরের বাসন থানা এলাকায় অভিযান পরিচালনা করে দুলাল মৃধা ও মামুনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে আরও ৩০ লাখ জাল টাকা, জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত ১টি ল্যাপটপ, ৩টি কালার প্রিন্টার, সোনালী রঙের ফয়েল পেপার, সিকিউরিটি ট্যাগ, জলছাপযুক্ত কাগজ, প্রিন্ট করা জাল নোটের কাগজ, তরল গাম, কাটার এবং জলছাপ বসানোর ডাইস উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা একটি আন্তঃজেলা জাল টাকা তৈরির চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি করে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। এছাড়া আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিভিন্ন পশুর হাট ও বিপণিবিতানে জাল টাকা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল বলে জানিয়েছে তারা।
ডিবি আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় উত্তরাপূর্ব থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply