1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

ঢাবির সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করলেন শেহরীন আমিন মোনামী

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১৩৯ বার পঠিত

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন শিক্ষক শেহরীন আমিন মোনামী। সোমবার (১১ মে) যমুনা টেলিভিশনকে বিষয়টি নিশ্চিত করেন তিনি। একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্টের মাধ্যমেও পদত্যাগের বিষয়টি জানান।

ফেসবুক পোস্টে মোনামী লিখেছেন, শিক্ষকতা জীবনের সাত বছরে কখনও প্রশাসনিক দায়িত্ব পালনের ইচ্ছা ছিল না। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করলেও প্রশাসনিক পদে আসার কথা ভাবেননি তিনি। তবে ২০২৪ সালের ২৮ আগস্ট প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদের আহ্বানে সহকারী প্রক্টরের দায়িত্ব গ্রহণ করেন।

তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন ও প্রত্যাশা থেকেই দায়িত্বটি গ্রহণ করেছিলেন। নিজের বিশ্ববিদ্যালয় ও দেশের জন্য কাজ করার সুযোগকে তিনি সৌভাগ্য হিসেবে দেখেছিলেন।

পোস্টে সাবেক প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদের প্রশংসা করে মোনামী লেখেন, গত দুই বছরে তিনি শিখেছেন কীভাবে ধৈর্য, সংযম ও মানবিকতার সঙ্গে কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হয়। শিক্ষার্থীদের প্রতি সহমর্মিতা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করার চেষ্টা করেছেন তারা।

নিজের দায়িত্ব পালন প্রসঙ্গে তিনি বলেন, তার মেয়াদে কতটা সফল হয়েছেন সেই মূল্যায়ন তিনি করতে চান না। তবে একটি দক্ষ টিম ও অসাধারণ নেতৃত্বের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাকে জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করেন তিনি। জুলাই ও পরবর্তী সময়ের নানা চ্যালেঞ্জপূর্ণ পরিস্থিতির কথাও তুলে ধরেন পোস্টে।

সবশেষে নবনিযুক্ত প্রক্টর ও তার টিমকে অভিনন্দন জানিয়ে দায়িত্ব পালনে সফলতা কামনা করেন শেহরীন আমিন মোনামী।

এর আগে, গত রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদও পদত্যাগ করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে পদত্যাগপত্র জমা দেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News