
যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার (৯ মে) সকাল ৯টা ১০ মিনিটে বৃষ্টির মরদেহবাহী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। পরে সেখান থেকে মরদেহ সরাসরি তার গ্রামের বাড়ি মাদারীপুরে নেওয়া হয়। বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
বিমানবন্দরে এসময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম ও নিহতের স্বজনরা।
নিহতের বাবা জহির উল ইসলাম বলেন, “এই দিনটার জন্য আমরা কখনোই অপেক্ষা করিনি। আগামী ১৭ জুলাই মেয়েকে জীবিত অবস্থায় দেশে আনার প্রস্তুতি ছিল আমাদের। কিন্তু তার আগেই তাকে মৃত অবস্থায় নিতে হলো।”
তিনি আরও বলেন, ছোটবেলা থেকেই বৃষ্টি অত্যন্ত মেধাবী ও উচ্চাকাঙ্ক্ষী ছিল। পড়াশোনার পাশাপাশি ধর্মীয় জ্ঞান অর্জনেও তার আগ্রহ ছিল। দেশে ফিরে সাধারণ মানুষের জন্য কাজ করার স্বপ্ন ছিল তার।
জানা যায়, ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ মে) রাত ৮টা ৫০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়। একই ঘটনায় নিহত হন আরেক বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন। তার মরদেহ গত ৪ মে দেশে পৌঁছায়।
ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থীকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে। নিহতের পরিবার ঘাতকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে।
Leave a Reply