1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

“রাজধানীর বাজারে সবজির দাম চড়া, অধিকাংশ সবজি ৮০ থেকে ১২০ টাকা কেজি”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৯০ বার পঠিত

 

কয়েক দিনের টানা বৃষ্টি এবং জ্বালানি তেলের কারণে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় রাজধানীর বাজারে বেড়েছে সবজির দাম। বর্তমানে অধিকাংশ সবজি ৮০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা সাধারণ ক্রেতাদের জন্য বাড়তি চাপ তৈরি করেছে।

শুক্রবার (৮ মে) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, সবচেয়ে বেশি দামের সবজির তালিকায় রয়েছে কাঁকরোল, শসা ও বেগুন। বাজারে কাঁকরোল প্রতি কেজি ১২০ টাকা, গোল বেগুন ১২০ টাকা, লম্বা বেগুন ১০০ টাকা, দেশি শসা ১২০ টাকা এবং হাইব্রিড শসা ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এছাড়া পটল প্রতি কেজি ৮০ টাকা, করলা ৮০ টাকা, ঝিঙা ১০০ টাকা, চিচিঙ্গা ১০০ টাকা, ধুন্দল ১০০ টাকা এবং ঢেঁড়স ৬০ টাকায় বিক্রি হচ্ছে। মিষ্টি কুমড়া প্রতি কেজি ৫০ টাকা, লাউ প্রতি পিস ৭০ টাকা, জালি ৬০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ১৬০ টাকা, পেঁপে ৮০ টাকা এবং কাঁচা কলা প্রতি হালি ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

রাজধানীর রামপুরা বাজার-এ বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী সাইদুর রহমান বলেন, “আজকে বাজারে এসে দেখছি সব ধরনের সবজির দাম বাড়তি। ৮০ থেকে ১০০ টাকার নিচে কোনো সবজি নেই। সাধারণ মানুষের জন্য এভাবে বাজার করা অনেক কঠিন হয়ে পড়েছে।”

তিনি আরও বলেন, কিছুদিন আগেও পেঁপের দাম কম ছিল, কিন্তু এখন সেটিও ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শসা, করলা, বেগুন ও কাঁকরোলের দাম ১২০ টাকা হওয়ায় সাধারণ মানুষ বিপাকে পড়েছেন।

এদিকে মুরগি ও গরুর মাংসের দামও বেড়েছে। বাজারে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৯০ থেকে ২০০ টাকা, সোনালি মুরগি ৩৫০ থেকে ৩৬০ টাকা এবং কালারবার্ড বা হাইব্রিড সোনালি ৩২০ থেকে ৩৩০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংসের দামও কেজিতে ৫০ টাকা বেড়ে ৮০০ থেকে ৮৫০ টাকায় পৌঁছেছে।

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর তথ্য অনুযায়ী, গত এক মাসে বেগুনের দাম ৮২ শতাংশ, কাঁচা মরিচের দাম ৬৭ শতাংশ এবং শসার দাম ৩০ শতাংশ বেড়েছে। একই সঙ্গে ডিমের দামও প্রায় ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

আরেক ক্রেতা অমিত হাসান বলেন, “শীতের সময় কিছুটা স্বস্তি ছিল, কিন্তু এখন দিন যত যাচ্ছে সংসারের খরচ তত বাড়ছে।”

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News