
গত ১৫ বছরে দেশের নিয়োগ প্রক্রিয়া তদবিরনির্ভর হয়ে পড়েছে এবং পূর্ববর্তী সরকার এ ব্যবস্থাকে দুর্বল করে দিয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২ মে) রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়-এ আয়োজিত এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত না হলে দেশ এগিয়ে যেতে পারে না। তিনি বিশ্ববিদ্যালয়গুলোতে দলবাজি পরিহার এবং মেধাবী ও যোগ্য ব্যক্তিদের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ছাত্র রাজনীতিতে মেধাবীদের সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি।
জিয়া পরিষদ প্রসঙ্গে তিনি বলেন, এটি কোনো রাজনৈতিক অঙ্গসংগঠন নয়; বরং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও কর্মভিত্তিক একটি গবেষণামূলক প্ল্যাটফর্ম। এ সংগঠনের সদস্যদের নেতা নয়, গবেষক হিসেবে পরিচিত করারও আহ্বান জানান তিনি।
এছাড়া, বিভিন্ন স্থানে জিয়া পরিষদের নামে সংগঠন বিস্তার বা ‘দোকান’ খোলার প্রবণতার সমালোচনা করে তিনি বলেন, এ ধরনের কার্যক্রম কাম্য নয় এবং এ বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।
সংবিধান ও ‘জুলাই সনদ’ প্রসঙ্গে মন্ত্রী জানান, যেসব বিষয়ে ঐকমত্য হয়নি, সেখানে নোট অব ডিসেন্ট রাখার বিষয়টি বিএনপি স্পষ্টভাবে জানিয়েছে। পাশাপাশি সংবিধান সংশোধন কমিটিতে দ্রুত বিরোধী দলের নাম দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
Leave a Reply