
বিভ্রান্তিকারীরা ফ্যাসিবাদের দোসরদের সঙ্গে মিটিং করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, একটি স্বার্থান্বেষী মহল দেশে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে।
সোমবার (২৭ এপ্রিল) বিকেলে যশোর ঈদগাহ মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ৫ আগস্টের ঐতিহাসিক পরিবর্তনের পর একটি মহল জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে তৎপর রয়েছে। তারা জনগণের কল্যাণে বিএনপির নেওয়া রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনাগুলোকে বাধাগ্রস্ত করতে চায়। যারা একসময় টিকেট বিক্রি করে রাজনীতি করেছে, জনগণের ম্যান্ডেট তাদের পছন্দ নয় বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, দেশ গড়ার লক্ষ্যে সবাইকে বিভ্রান্তি থেকে দূরে থাকতে হবে। বিএনপির শক্তির মূল উৎস হচ্ছে দেশের সাধারণ মানুষ এবং দলটি কোনো বিদেশি শক্তির ওপর নির্ভর করে রাজনীতি করে না।
প্রধানমন্ত্রী জানান, বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে ধাপে ধাপে কাজ করে যাচ্ছে এবং একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর।
Leave a Reply